কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের বেলকুচিতে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম. মনজুরে মাওলা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জেরিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ শুভ এবং মোছাব্বিরুল ইসলাম প্রমুখ। দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তি, মাটি উর্বরতা সংরক্ষণ, ফসলের রোগবালাই দমন, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা। কৃষকদের দক্ষতা ও জ্ঞান বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।”
সভাপতির বক্তব্যে কৃষিবিদ সুকান্ত ধর বলেন, “বেলকুচির কৃষকরা এখন আগের চেয়ে অনেক সচেতন ও প্রযুক্তিনির্ভর। এ প্রশিক্ষণ শেষে তারা মাঠ পর্যায়ে শেখা বিষয়গুলো কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করতে পারবেন।” অংশগ্রহণকারী কৃষকরা বলেন, এ প্রশিক্ষণ থেকে তারা নতুন অনেক বিষয় শিখেছেন যা ফসল উৎপাদনে কাজে লাগানো সম্ভব হবে।