বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জনপদের বাঁশ বেত দিয়ে তৈরী করা নানা উপকরণ

সাব্বির মির্জা, তাড়াশ  / ১২৩ বার
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আধুনিকতার দাপটে সিরাজগঞ্জের তাড়াশে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী বাঁশ বেতের হস্তশিল্প উপকরণগুলো এখন বিলুপ্তির পথে। বাঁশ-বেত ও তালের পাতার তৈরি ছাতা, চালুনি, খাঁচা, ডালি, মইয়ের মতো হরেক রকমের হস্তশিল্পের কদর কমিয়েছে প্লাস্টিক ও ধাতব সামগ্রীর সহজলভ্যতা। অন্যদিকে, মাটির কলস, হাঁড়ি-পাতিল, ঘড়া ও চুলার জায়গা দখল করেছে অ্যালুমিনিয়াম ও স্টিলের আধুনিক সামগ্রী। ফলে গ্রামীণ কারিগর ও শিল্পীরা জীবিকা হারিয়েছে। তাই পেশা বদলাতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার। এতে ঐতিহ্যবাহী এ সকল হস্তশিল্প সংকটে পড়েছে। স্থানীয় প্রবীণদের মতে, এই নিজস্ব পণ্য ও শিল্পগুলো স্থানীয়ভাবে ইতিহাস, সংস্কৃতি ও শিকড়ের পরিচায়ক। এর অবলুপ্তি একটি জনগোষ্ঠীর লোকজ ঐতিহ্যকে মুছে দিচ্ছে। বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানে লোকজ সংস্কৃতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, গ্রামীণ হেরিটেজ কর্নার ও মিউজিয়াম গড়ে তোলার পাশাপাশি নেওয়া হচ্ছে সরকারি-বেসরকারি নানা উদ্যোগ। বিশেষজ্ঞদের মতে, উন্নত বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে এই ঐতিহ্য সংরক্ষণ একটি শক্তিশালী ভিত্তি হতে পারে। সচেতনতা, সংরক্ষণ এবং সৃজনশীল উদ্যোগের মাধ্যমেই এটি রক্ষা করা সম্ভব বলে মনে করছেন অনেকেই।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো