বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সোনালী আঁশে সুদিন, বাগবাটিতে জমে উঠেছে পাটের হাট

চঞ্চল সিং / ১৬২ বার
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ভাল ফলন ও কাঙ্ক্ষিত মূল্য পাওয়ায় আবারও সুদিন ফিরেছে সোনালী আঁশ খ্যাত পাটের। সিরাজগঞ্জের সদর উপজেলায় এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকদের মুখে ফুটেছে হাসি। উৎপাদন খরচ বাদে লাভ হওয়ায় তারা সন্তুষ্ট। আর সেই সঙ্গে জমজমাট হয়ে উঠেছে সদর উপজেলার ঐতিহ্যবাহী বাগবাটির পাটের হাট। ভোর থেকেই এই হাটে শুরু হয় পাট কেনা–বেচা। পিপুলবাড়িয়া, বাগবাটি, কাজিপুর, ছোনগাছাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা পাট নিয়ে আসেন এখানে। সকাল ৯টা পর্যন্ত চলে হাটের বেচাকেনা। প্রতিদিন এই হাটে ১০ থেকে ১৫ লাখ টাকার পাট কেনা-বেচা হয় বলে জানিয়েছেন বিক্রেতারা। পাট বিক্রেতা শামীম ও হায়দার জানান, এ বছর ৩ হাজার ৭ শত টাকা মণ দরে তারা পাট বিক্রি করেছেন। এতে উৎপাদন খরচ বাদ দিয়েও হাতে লাভ থাকায় তারা খুশি। তাদের মতে, কয়েক বছর ধরে পাটের দাম কম থাকায় কৃষকরা হতাশ ছিলেন। বাজারে সেভাবে ভিড়ও হতো না। কিন্তু এ বছর ফলন ভালো হওয়ায় এবং দামে লাভ হওয়ায় হাট আবার সরগরম হয়ে উঠেছে। হাটের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দূর–দূরান্ত থেকে পাইকাররা আসেন এখানে। প্রতিদিন হাটে ক্রেতা–বিক্রেতার ভিড়ে জমে ওঠে পাটের বাজার। বিক্রেতারা বলছেন, এ বছর যেমন ফলন হয়েছে, তেমনি দামও ভালো। তাই কৃষকরা পাট বিক্রি করে হাসিমুখে বাড়ি ফিরছেন। দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের বাগবাটিতে এই পাটের হাট বসে আসছে। পাটের দাম কম থাকায় কিছুদিন হাটের কদর কমে গেলেও এখন আবার নতুন প্রাণ ফিরে পেয়েছে। কৃষকরা মনে করছেন, যদি এমন ফলন ও দাম অব্যাহত থাকে, তবে সোনালী আঁশের গৌরব আবার ফিরে আসবে।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো