বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

উল্লাপাড়ায় সরিষা চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আয়

আখতার হোসেন হিরন / ২১৮ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

এ বছরও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন চোখ জুড়ানো হলুদের সমারোহ। সরিষার ভালো ফলনে কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
অন্যান্য ফসলের তুলনায় কম খরচ ও বেশি লাভ হওয়ায় প্রতিবছরই সিরাজগঞ্জ জেলার মধ্যে উল্লাপাড়া উপজেলায় সরিষার ব্যাপক আবাদ হয়ে থাকে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গত কয়েক বছর ধরে সারা দেশের মধ্যে সরিষা আবাদে শীর্ষ অবস্থানে রয়েছে উল্লাপাড়া উপজেলা। এ বছর উপজেলায় প্রায় ২৪ হাজার ৫০৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, সরিষার ভালো ফলনের পাশাপাশি ন্যায্যমূল্য নিশ্চিত হলে এবারও কৃষকরা ব্যাপকভাবে লাভবান হবেন। পাশাপাশি সরিষা ক্ষেত ঘিরে মধু সংগ্রহের মাধ্যমে কৃষক ও মৌচাষীদের বাড়তি আয় হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার পূর্ণিমাগাঁতী, সলঙ্গা, রামকৃষ্ণপুর, বাঙ্গালা, বড়পাঙ্গাসী, উধুনিয়া ও মোহনপুর ইউনিয়নের বিশাল এলাকাজুড়ে সরিষার চাষ হয়েছে। হলুদ ফুলে ভরে উঠেছে মাঠ-ঘাট। সরিষার ফুলে ভ্রমর, প্রজাপতি ও মৌমাছির গুঞ্জনে এসব এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। সরিষা খেতের পাশেই বসানো হয়েছে সারি সারি মৌ বাক্স। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষীরা এখান থেকে মধু সংগ্রহ করছেন। বর্তমানে সরিষার মধু পাইকারদের কাছে কেজিপ্রতি ১৫০ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। মৌচাষী আব্দুর রশিদ জানান, উপজেলায় পর্যাপ্ত মধু প্রসেসিং কারখানা না থাকায় মৌচাষীরা প্রত্যাশিত লাভ পাচ্ছেন না। বাইরের পাইকাররা কম দামে মধু কিনে নিয়ে প্রসেসিং করে বেশি দামে বিক্রি করছে। উধুনিয়া ইউনিয়নের কৃষক রস্তম আলী বলেন, সরিষা তুলনামূলক কম সময়ের এবং রোগবালাই কম হওয়ায় কৃষকরা দিন দিন এ ফসলের দিকে ঝুঁকছেন। আরেক কৃষক আবুল হোসেন জানান, এবার ফলন ভালো হওয়ায় ন্যায্যমূল্য পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।


এ জাতীয় আরো সংবাদ
কারিগরি সহযোগিতায়: সিরাজগঞ্জ ইনফো