দীর্ঘ প্রতিক্ষা ও আন্দোলন সংগ্রামের পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ৫১৯ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে।
এতে খুশি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা। সেই সাথে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ২০১৬ সালে জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন অনুমোদনের পর ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই শুরু হয় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম। কিন্তু বিশ্ববিদ্যালয়টি অনুমোদনের পর দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠিত হয়নি নিজস্ব কোন স্থায়ী ক্যাম্পাস। ফলে শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজসহ ভাড়া করা দুটি ভবনে চলে আসছিলো বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ফলে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলো এখানকার শিক্ষার্থীরা।
রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করে প্রায় নয় বছর আগে প্রায় ৯ হাজার ২শ কোটি টাকা ব্যয় নির্ধারন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব ক্যাম্পাস নির্মানে প্রকল্প জমা দিলে তা অনুমোদন হয়নি। ধারাবাহিকভাবে ৯৪ শতাংশ ব্যয় কমিয়ে নিষ্কন্টক ১শ একর জমিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মানে সর্বশেষ জমা দেওয়া হয়েছে ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প, যেটি শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদনের পর নানা জটিলতায় আটকে ছিলো একনেকে। বিভিন্ন সময় নানা আশ্বাসের পরও আলোর দেখা পায়নি প্রকল্পটি।
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করে আসছিলো বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। গত ১৭ আগস্ট একনেক সভাকে সামনে রেখে জুলাই মাসের ২৬ তারিখ থেকে ক্লাস বর্জন, রেলপথ অবরোধ, মহাসড়ক অবরোধ ও আমরন অনশনের মতো কঠোর কর্মসূচি পালন করে আসছিলো তারা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে ১৭ আগষ্ট একনেক সভায় অনুমোদন পায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্প। এতে উচ্ছ্বাস উদ্দীপনায় মেতে ওঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা।
আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মধ্য দিয়ে রবীন্দ্র স্মৃতি সংরক্ষণের পাশাপাশি বিকশিত হবে রবীন্দ্র চর্চা বলে জানলেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহবায়ক মির্জা হুমায়ন।
আর প্রকল্প অনুমোদনের পর দ্রুত ক্যাম্পাস বাস্তবায়ন চান বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা। পাঁচটি বিভাগে ১২শ’রও বেশি শিক্ষার্থী, ৩৪ জন শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারি নিয়ে পরিচালিত হয়ে আসছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।